কৃষিতে আখতার হামিদ উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো সমাদৃত : কৃষিমন্ত্রী
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে ড. আখতার হামিদ খান সর্বপ্রথম কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিয়েছেন। কৃষিতে তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনো দেশ-বিদেশে সমাদৃত। আমিও একজন কৃষক, আমি জানি কিভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
গতকাল কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এসেছে। জনগণের অনেক আশা ও আকাক্সক্ষা এ সরকারের কাছে। আগামীর বাংলাদেশ বাকস্বাধীনতার ও সমৃদ্ধির বাংলাদেশ। সরকার এ লক্ষ্যেই কাজ করবে। কুমিল্লায় প্রথম রফতানিমুখী কারখানা আমি স্থাপন করেছি। আপনারা উৎসাহ দিয়েছেন। এখন কুমিল্লায় এক প্রকার শিল্প বিপ্লব হয়েছে, অনেক কারখানা হয়েছে। এর অগ্রগতি অব্যাহত থাকবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি গাড়ি ব্যবহার করি না, তেল খরচও নেই না। আগামীতেও করব না। এছাড়া আমি সরকারি বেতভাতা নেবো না।
মন্ত্রী বলেন, কুমিল্লার ঐতিহ্য ফিরিয়ে আনতে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা নগরী হিসেবে কুমিল্লাকে গড়ে তুলতে চাই। মন্ত্রী হিসেবে আমি আমার জায়গা থেকে ভূমিকা রাখতে চাই। কুমিল্লার সমস্যাগুলো নিয়ে কাজ করব। এ অঞ্চলের গণমানুষের দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ। তা বাস্তবায়ন করতে আমার জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করব।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কিভাবে আমার নিজ নিজ বিভাগে কাজ সঠিকভাবে করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমি ভালো কিছু করতে পারব বলে বিশ্বাস করি।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।