বাংলাদেশের ১ লাখ শ্রমিক নেবে জাপান
প্রধান উপদেষ্টাকে আশ্বাস
Printed Edition
ক্রমবর্ধমান শ্রমিক সঙ্কট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’ শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, জাপানে বাংলাদেশীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে। তিনি বলেন, ‘এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য।’
সেমিনারে প্রধান উপদেষ্টা দু’টি সমঝোতা স্মারকের সাক্ষী হন। প্রথমটি, বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি) ও কাইকম ড্রিম স্ট্রিটের (কেডিএস) মধ্যে, যার একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ; দ্বিতীয়টি, বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো-অপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) এবং জেবিবিআরএ’র (জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি) মধ্যে।
প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ, যার অর্ধেকই ২৭ বছরের নিচে। তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া।’
শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, বাংলাদেশী মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব।
এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করেন যে প্রায় ১৪ বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের সহায়তার গল্প বলেছিলেন। তিনি বলেন, ‘আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’ তিনি আরো বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশী শ্রমিককে স্বাগত জানাতে প্রস্তুত।’
ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান, বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতি বছর এক হাজার ৫০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তারা এই সংখ্যা তিন হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির বাজারে প্রবেশ করতে পারবে।’
জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার কো-অপারেশন অর্গানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে বাংলাদেশীদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে এখনো ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশী শ্রমিকদের সহায়তা প্রয়োজন হবে। তিনি বলেন, ‘এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে।’
স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দাউদ আলী বলেন, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সঙ্কট এক কোটি ১০ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরো দক্ষ শ্রমিক পাঠাতে পারে।
জাপান গুরুত্বপূর্ণ শ্রমবাজার : প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী দিনে জাপান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজারে পরিণত হবে। তিনি বলেন, যদি বাংলাদেশের মানবসম্পদকে যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া যায়, তবে বাংলাদেশের জন্য জাপান ‘বন্যার দ্বার’-এর মতো উন্মুক্ত হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জাপান সফরের দ্বিতীয় দিনে গতকাল টোকিওতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেস সচিব এ কথা বলেন। তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার এরইমধ্যে জাপানি ভাষাজ্ঞানসম্পন্ন দক্ষ জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।’ তিনি উল্লেখ করেন, চলতি বছরে প্রায় তিন হাজার বাংলাদেশী তরুণ জাপানে ভাষা শিক্ষার জন্য এসেছেন। তিনি আশা প্রকাশ করেন যে বছর শেষে এই সংখ্যা ১০ হাজারে পৌঁছবে এবং তারা এখানে চাকরি পাবেন।
শফিকুল আলম বলেন, জাপান এখন জনবল নিয়োগের জন্য বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। তিনি জানান, টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মানবসম্পদ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখেন। তিনি বলেন, সেমিনারের উদ্দেশ্য ছিল জাপানি কোম্পানিগুলোকে জানানো যে বাংলাদেশের কাছে পর্যাপ্ত মানবসম্পদ রয়েছে এবং দেশটি তা জাপানে পাঠাতে প্রস্তুত। আলম আরো বলেন, সেমিনারে জাপানের উল্লেখযোগ্যসংখ্যক কোম্পানির প্রতিনিধি অংশগ্রহণ করেন।
জাইকাকে এমআইডিআই উদ্যোগে সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে (এমআইডিআই) সমর্থন জোরদার করার জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির প্রতি (জাইকা) আহ্বান জানিয়েছেন, যাতে অঞ্চলটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়।
টোকিওর ইম্পেরিয়াল হোটেলে অনুষ্ঠিত ‘৩০তম নিক্কেই ফোরাম : এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের ফাঁকে গতকাল জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সাথে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস বলেন, ‘এমআইডিআই অঞ্চল ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।’ তিনি বলেন, বঙ্গোপসাগরের প্রবেশাধিকারকে কাজে লাগিয়ে আমরা গভীর সমুদ্রবন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করছি, যা এমআইডিআই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সাথে যুক্ত করবে।
জাইকা প্রথমে মাতারবাড়িতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রস্তাব দেয়। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে একটি সমন্বিত মাস্টার প্ল্যান প্রণয়ন করছে, যার মাধ্যমে পুরো এমআইডিআই অঞ্চলকে একটি বন্দর, লজিস্টিকস, মৎস্য, জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রিক হাবে রূপান্তরিত করা হবে।
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের স্বপ্ন হলো এই অঞ্চলে একটি মেগাসিটি গড়ে তোলা।’ তিনি উল্লেখ করেন যে বিমানবন্দরগুলোও যাত্রীচাহিদা মেটাতে উন্নত করা হচ্ছে।
ড. তানাকা এমআইডিআই উন্নয়নের ক্ষেত্রে জাইকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, তবে তিনি প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
উত্তরে অধ্যাপক ইউনূস এমআইডিআই প্রকল্প তদারকির জন্য একজন সিনিয়র কর্মকর্তা নিয়োগ এবং জাইকা ও অন্যান্য সম্ভাব্য বিদেশী বিনিয়োগকারীদের সাথে সমন্বয়ের ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা আরো জানান, এমআইডিআই এলাকায় মুক্তবাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে বিদেশী বিনিয়োগকারীরা রফতানিমুখী উৎপাদন কারখানা স্থাপন করতে পারবেন। এ ছাড়াও সরকার এই অঞ্চলে একটি একচেটিয়া মৎস্য অঞ্চল তৈরির পরিকল্পনা করছে, যাতে বড় মৎস্যজাহাজগুলো কার্যক্রম চালাতে পারে।
অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেন, আমাদের গভীর সমুদ্র মৎস্য আহরণে যুক্ত হতে হবে। তিনি বলেন, বর্তমানে প্রতিবেশী দেশগুলোর মৎস্যজাহাজ আমাদের জলসীমা ব্যবহার করে, অথচ আমাদের ট্রলারগুলো গভীর সমুদ্রে চালানোর জন্য যথেষ্ট বড় নয়। আমরা যদি সক্ষমতা তৈরি করি তাহলে সেই মাছগুলো প্রক্রিয়াজাত করে রফতানি ও অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা যাবে।
ড. তানাকা মন্তব্য করেন, সম্ভবত এই প্রথম তিনি কোনো বাংলাদেশী নেতার মুখে গভীর সমুদ্রে মৎস্য আহরণের উদ্যোগ সম্পর্কে শুনলেন।
উভয় নেতা জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংস্কার কর্মসূচি, দেশের গণতান্ত্রিক রূপান্তর এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবিরোধী প্রচেষ্টা সম্পর্কেও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার পর একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তিনি তার আগের কাজে ফিরে যাবেন।
এ ছাড়াও, রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলোচনা হয়, এ ক্ষেত্রে প্রধান উপদেষ্টা মানবিক সহায়তা বৃদ্ধিতে জাইকার সমর্থন কামনা করেন। ড. তানাকা রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় জাইকা অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।