ফর্মের গোপন রহস্য আনারস
Printed Edition
ভিনিসিয়ুসের পায়ের জাদুর নেপথ্যে কি তবে আনারস? চলতি ২০২৬ বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচের আগে টানেল দিয়ে মাঠে যাওয়ার সময় তার হাতে ছিল আনারসের টুকরো। আরেকটি ভিডিওতে দেখা গেছে, ওয়ার্ম-আপের সময় এবং প্রথমার্ধের বিরতি শেষে দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার আগেও নিশ্চিন্তে আনারস খাচ্ছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার।
তবে ভিনির জন্য এটি মোটেও নতুন অভ্যাস নয়। রিয়াল মাদ্রিদের হয়েও ম্যাচের আগে ডাগআউট কিংবা টানেলে একাধিকবার তাকে ফল খেতে দেখা গেছে। সবচেয়ে বেশি আলোচনায় আসে ২০২৪ সালের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এল ক্লাসিকোর আগে আনারস খেয়ে মাঠে নেমে বার্সেলোনার জালে হ্যাটট্রিক করেছিলেন। রিয়ালও জিতেছিল শিরোপা। এরপর থেকেই সমর্থকদের অনেকেই মজা করে বলেন, আনারসই ভিনির ফর্মের গোপন রহস্য।
ব্রাজিল জাতীয় দলের পুষ্টি পরিকল্পনায় ম্যাচের আগে কলা, আনারসসহ বিভিন্ন ফল নিয়মিত রাখা হয়। কারণ এসব ফল দ্রুত শক্তি জোগায়, শরীরকে সতেজ রাখে এবং দীর্ঘ সময়ের উচ্চগতির ফুটবলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।