বালোগুনার লাল কার্ড মেসি কেন নয়

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে জয়ের আনন্দের মধ্যেই বড় ধাক্কা হয়ে এসেছে ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ড। ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউসের সিদ্ধান্তকে ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক খেলোয়াড়, ধারাভাষ্যকার এবং যুক্তরাষ্ট্রের কোচ মউরিসিও পচেত্তিনোসহ অনেকেই প্রশ্ন তুলেছেন, একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি শাস্তি না পেলেও কেন বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখানো হলো।

শেষ ৩২-এর ম্যাচে ৪৫তম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন বালোগুন। তবে দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। বল দখলের লড়াইয়ে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে চ্যালেঞ্জ করতে গিয়ে বালোগানের ডান পায়ের স্টাড প্রতিপক্ষের গোড়ালির পেছনে লাগে।

ঘটনার সময় রেফারি ক্লাউস কোনো ফাউলই দেননি। দুই খেলোয়াড় মাঠে পড়ে গেলে খেলা সাময়িক বন্ধ হয়। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ক্লাউসকে মাঠের পাশের মনিটরে রিপ্লে দেখতে বলেন। ধীরগতির রিপ্লে পর্যবেক্ষণের পর ব্রাজিলিয়ান এই রেফারি সিদ্ধান্ত বদলে বালোগুনকে সরাসরি লাল কার্ড দেখান।

এ সিদ্ধান্তের পরই শুরু হয় বিতর্ক। কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে প্রায় একই ধরনের ঘটনায় লিওনেল মেসির বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। সেই ম্যাচে আলজেরিয়ান ডিফেন্ডার আহমেদ মান্দির পায়ের পেছনে স্টাড লাগলেও পোলিশ রেফারি সিজমন মারচিনিয়াক শুধু ফাউল দিয়েছিলেন, কোনো কার্ড দেখাননি।

বিবিসির ধারাভাষ্যকার ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্দ এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলেন। তার ভাষায়, ‘এ কারণেই মানুষ ভিএআরের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলে। সবাই একই ধরনের ঘটনায় একই নিয়মের প্রয়োগ দেখতে চায়। আলজেরিয়ার বিপক্ষে মেসির ঘটনাটি অনেকের মতে লাল কার্ড হতে পারত, অথচ সেটি সেভাবে পর্যালোচনাই করা হয়নি। এবার বালোগানের ঘটনায় ভিএআর হস্তক্ষেপ করল, রেফারি মনিটর দেখলেন এবং সরাসরি লাল কার্ড দিলেন। এই অসামঞ্জস্যই খেলোয়াড়, কোচ ও সমর্থকদের হতাশ করে।

ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের কোচ মউরিসিও পচেত্তিনোও বলেন, এটি কখনোই লাল কার্ড হওয়ার মতো ঘটনা নয়। প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য বালোগানের ছিল না, বলেন আর্জেন্টাইন এই কোচ। তবে বিতর্ক যাই থাকুক, ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড পাওয়ায় শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন না বালোগুন। টুর্নামেন্টে তিন গোল করা এই স্ট্রাইকারের অনুপস্থিতি যুক্তরাষ্ট্রের আক্রমণভাগে বড় শূন্যতা তৈরি করবে। তার পরিবর্তে রিকার্ডো পেপি কিংবা হাজি রাইটকে একাদশে দেখা যেতে পারে।

বসনিয়ার বিপক্ষে ১০ জন নিয়েও দারুণ শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তা দেখিয়ে জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এখন প্রশ্ন একটাই বিতর্কিত লাল কার্ডের মূল্য কি শেষ পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে নকআউট লড়াইয়ে চুকাতে হবে পচেত্তিনোর দলকে?