যুক্তরাষ্ট্রের কাছে হেরে গর্বিত বসনিয়া কোচ
Printed Edition
যুক্তরাষ্ট্রের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। তবে এই বিদায়কে মোটেও ব্যর্থতা হিসেবে দেখছেন না দলের প্রধান কোচ সের্গেই বারবারেজ; বরং খেলোয়াড়দের মাথা উঁচু করে দেশে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এবারের বিশ্বকাপ তাদের জন্য অত্যন্ত গর্বের, যা উদযাপন করার মতো অর্জন। সান ফ্রান্সিসকোকে ম্যাচ শেষে বারবারেজ বলেন, আমি আমার খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। খেলোয়াড়দের নিয়ে কোনো অভিযোগ নেই। এই অর্জন আমাদের উদযাপন করা উচিত, দুঃখ করা নয়। কারণ এটাই জীবন, এটাই ফুটবল, বিশেষ করে এমন বড় একটি প্রতিযোগিতায়। মানুষের মাঝে ফিরে যাওয়ার পরই আমরা বুঝতে পারব যে, আমাদের এই অর্জন কতটা বড়।
এবারই প্রথম বিশ্বকাপের ইতিহাসে নকআউট ম্যাচ খেলেছে বসনিয়া। গ্রুপ পর্বে স্বাগতিক কানাডার সঙ্গে ড্র, কাতারের বিপক্ষে জয় এবং সুইজারল্যান্ডের কাছে হার নিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছিল তারা। এর আগে বাছাইপর্বে প্লে অফে ওয়েলস এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপে টিকিট পায় তারা।