চলন্ত ট্রেনের কনডেন্সার কয়েল চুরি
Printed Edition
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের এই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ট্রেনটি পৌনে এক ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল জংশন স্টেশনে যাত্রাবিরতির পর এই তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে বিদ্যুৎ বিভাগের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম।
তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর নরসিংদী রেলওয়ে এলাকায় ট্রেনটির ২৫০৫ ও ২৬০৭ নম্বর দুই এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। সকাল ১০টা ৫০ মিনিটে ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশঙ্কায় এসি মেরামতের চেষ্টা হয়নি তবে মেকানিক্যাল কিছু কাজ শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি ৪০ মিনিট বিলম্বে বেল সকাল সাড়ে ১১টায় আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বিদ্যুৎ বিভাগের একজনকর্মী জানান, বর্তমানে প্রায়ই এসব চুরির ঘটনা ঘটছে। কনডেন্সার কয়েলগুলো চলন্ত ট্রেনে উঠে চুরি করা হচ্ছে।