শিবচরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া বার্তা এমপি হানজালার
Printed Edition
আহসান হাবীব শিবচর (মাদারীপুর)
রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে দাম বাড়ালে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দীন আহমাদ হানজালা।
গত বৃহস্পতিবার বিকেলে শিবচর থানা রোডে দলীয় কার্যালয়ে স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিবচর পৌর বণিক সমিতির সভাপতি আবদুল হক মুন্সি।
এমপি হানজালা বলেন, পবিত্র রমজান মাস রহমত ও বরকতের মাস। এ সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়মতার মধ্যে রাখতে হবে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে নজরদারি জোরদার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তিনি আরো বলেন, শিবচরকে মাদকমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেয়া হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। স্বাধীনভাবে মতপ্রকাশ ও সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার গুরুত্বও তুলে ধরেন।