আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা

Printed Edition

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৩০ আগস্ট (রোববার) জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’। কর্মসূচি অনুযায়ী, ওই দিন বেলা ৩টায় রাজধানীর বাংলামোটর থেকে পদযাত্রা শুরু হয়ে সংসদে পৌঁছাবে এবং জাতীয় সংসদের স্পিকারের বরাবরে স্মারকলিপি দেয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের একটি মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর দেশে মানুষের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না। ঘর থেকে তুলে নিয়ে অনেককে ‘আয়না ঘরে’ আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে, আবার বহু মানুষকে হত্যা করে লাশ গুম করা হয়েছে, যা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল।

কমিটির নেতারা জানান, নতুন বাংলাদেশে গুমের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রণয়ন জরুরি। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতেই তারা এই পদযাত্রার আয়োজন করেছেন। সব রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে ৩০ আগস্টের পদযাত্রায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক। বিজ্ঞপ্তি।