দেড় বছরে বরিশালে ৩৯ খুন, ১১০ ধর্ষণ

Printed Edition

আযাদ আলাউদ্দীন বরিশাল

একসময় শান্ত জনপদ হিসেবে পরিচিত বরিশালে সাম্প্রতিক সময়ে খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি ও সহিংস অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সচেতন নাগরিকদের অভিযোগ, অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার এবং দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধপ্রবণতা কমছে না।

বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত জেলার ১০টি থানায় ৩৯টি হত্যা, ১১০টি ধর্ষণ, ৮টি ডাকাতি, ৭টি দস্যুতা, ১৪২টি চুরি এবং ১৪৯টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

এ সময়ের কয়েকটি আলোচিত ঘটনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। গত ১৮ ফেব্রুয়ারি সদর উপজেলার বৌসেরহাট এলাকায় রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মী দেলোয়ার হোসেন চৌধুরী নিহত হন। ১৫ মার্চ বাবুগঞ্জে ৯ বছর বয়সী শিশু রাইসাকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ৩১ মে মুলাদীতে জমিসংক্রান্ত বিরোধে আনোয়ার হোসেন ঢালীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্বজনদের বিরুদ্ধে। গত বছরের ১৯ জুন উজিরপুরে এক বিধবা নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনা এবং ২৭ জুলাই মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হওয়ার ঘটনাও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এ ছাড়া ১৭ নভেম্বর বাবুগঞ্জে রাজনৈতিক সংঘর্ষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম নিহত হন। বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, তিনি তিন মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। তার ভাষ্য, সাম্প্রতিক অনেক অপরাধই জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল নগর কমিটির সম্পাদক রফিকুল আলম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ জোরদারের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বরিশাল আদালতের অতিরিক্ত স্পেশাল পিপি অ্যাডভোকেট এস এম সরোয়ার হোসেন বলেন, অপরাধ দমনে শুধু গ্রেফতার নয়, নিরপেক্ষ তদন্ত, দ্রুত অভিযোগপত্র দাখিল এবং সময়মতো বিচার সম্পন্ন করাও প্রয়োজন। আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, মাদক নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা কমানো, বিরোধ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা এবং বিচারপ্রক্রিয়ার গতি বাড়ানো না গেলে জেলার অপরাধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে।