আনসার-ভিডিপি একাডেমিতে সর্বোচ্চ পতাকা-স্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন
Printed Edition
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে নবনির্মিত ফ্ল্যাগপোল (পতাকা-স্তম্ভ) উদ্বোধন করেছেন। দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভে উড্ডীয়মান জাতীয় পতাকা একাডেমি প্রাঙ্গণে প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য ও আত্মমর্যাদার প্রেরণা জাগ্রত করে এবং দেশের সেবায় আত্মনিয়োগের দৃঢ় অঙ্গীকারকে আরো সুদৃঢ় করে। এ আয়োজন ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে বাহিনীর দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে নব উদ্দীপনায় উদ্ভাসিত করেছে। সুউচ্চ-স্তম্ভে উত্তোলিত এ পতাকার নাম ‘চির উন্নত বিজয় নিশান’। পতাকা-স্তম্ভটির উচ্চতা ১২০ ফুট, যা দেশের সর্বোচ্চ পতাকা-স্তম্ভ হিসেবে বিবেচিত। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬.৮ ফুট। ‘চির উন্নত বিজয় নিশান’ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মহান মুক্তিযুদ্ধের চিরন্তন প্রতীক হিসেবে জাতির গৌরব গাথাকে বহন করে। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।