পররাষ্ট্রনীতির সর্বোচ্চ অগ্রাধিকার হবে জাতীয় স্বার্থ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Printed Edition
সিলেট ব্যুরো
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বাধীন, স্বাবলম্বী ও প্রভাবমুক্ত পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। একই সাথে সিলেটের উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো দ্রুত এগিয়ে নেয়া এবং প্রবাসীদের অবদান ও মর্যাদা রক্ষায় আপসহীন থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ওপর নির্ভরতা নয়, জাতীয় স্বার্থই হবে আমাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। সিলেটের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী বাজেটে গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। আম্বরখানা-এয়ারপোর্ট রোড, হুমায়ূন রশীদ চত্বরসহ সিটি করপোরেশন এলাকার সড়ক সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি বালাগঞ্জ সড়ক, গ্রিন সিটি প্রকল্প এবং আখাউড়া-সিলেট রেলসংযোগের কাজ দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগের সরকারের ধীরগতি ও নানা জটিলতা কাটিয়ে আগামী তিন বছরের মধ্যে প্রকল্পটিকে সন্তোষজনক পর্যায়ে নেয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
প্রবাসীদের অবদান প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রেমিট্যান্সের পাশাপাশি বিশ্বদরবারে তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। একটি স্বার্থান্বেষী মহল প্রবাসীদের অবদান খাটো করার অপচেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে হুমায়ুন কবির বলেন, জাতীয় রাজনীতিতে সিলেটের মর্যাদা ও উন্নয়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনগণের সাথে নিবিড় সম্পর্ক রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম।