মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে সামরিক ঘাঁটি
Printed Edition
আলজাজিরা
মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই ইরাক ও জর্দান সীমান্তসংলগ্ন আল-তানফ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির ইউনিটগুলো আল-তানফ ঘাঁটি ও এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ইউনিটগুলো নিকটবর্তী সিরিয়া-ইরাক-জর্দান সীমান্তজুড়ে মোতায়েন শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীও সেখানে দায়িত্ব নেবে বলে জানানো হয়েছে।
২০১৪ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল-তানফ ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। তখন ইসলামিক স্টেট (আইএসআইএল/ আইএসআইএস) সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছিল। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক জোটের আইএসবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ঘাঁটি। এরপর ২০১৭ সালে আইএসকে সামরিকভাবে পরাজিত ঘোষণা করা হয়।