বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২১.৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ডেল্টাপোর্ট ফুটওয়্যার
Printed Edition
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পরিচালিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরো একটি বিদেশী বিনিয়োগ যুক্ত হয়েছে। ইতালি ও আয়ারল্যান্ডের যৌথ মালিকানাধীন ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেড চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক জুতা উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে বেপজার সাথে ভূমি ইজারা চুক্তি সই করেছে। প্রতিষ্ঠানটি ২১.৬০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে বিভিন্ন ধরনের জুতা উৎপাদন করবে। এ বিনিয়োগ দেশের রফতানিমুখী জুতা শিল্পে পণ্য বৈচিত্র্য আনয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং ডেল্টাপোর্ট ফুটওয়্যার লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মি. জুনায়েদ ইকবাল উমরানি চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।