কারখানার বয়লার বিস্ফোরণে ২ শ্রমিকের মৃত্যু

Printed Edition

রাজবাড়ী প্রতিনিধি ও গোয়ালন্দ সংবাদদাতা

রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশ অধিদফতরের ছাড়পত্রহীন একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে সোহেল রানা (২৪) এবং সোমবার শিশু শ্রমিক শাওন মুন্ডা (১৬) মারা যান। গোয়ালন্দ ঘাট থানার এসআই ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২৫ জুন সকালে উপজেলার উজানচর ইউনিয়নে ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের কারখানায় পুরনো টায়ার পুড়িয়ে বিটুমিন তৈরির সময় বয়লার বিস্ফোরিত হয়। এতে শাওনের শরীরের ৭০ শতাংশ ও সোহেলের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সাভারের এক ব্যবসায়ী ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই কারখানাটি চলছিল। এর বিষাক্ত ধোঁয়ায় আশপাশের ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষ শ্বাসকষ্টসহ জটিল রোগে ভুগছেন। এর আগে অভিযোগ করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।