চলতি মাসেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে
বরিশালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Printed Edition
বরিশাল ব্যুরো
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।
শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতার এই পালা বদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো।
আমাদের সেই পরিকল্পনা হচ্ছে, আমাদের পশ্চাৎপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই। অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি।
বাংলাদেশে প্রায় চার কোটি ১০ লাখ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছুতে পারি তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে নির্দিষ্ট পরিমাণ অঙ্ক দিয়ে শুরু করব, তার পরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকব।
তিনি আরো বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দূর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি, গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। যাতে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।
পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গৌরনদীতে উষ্ণ অভ্যর্থনা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা বরিশালে এসে উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন মন্ত্রী ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
শনিবার সকালে গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
মন্ত্রী হিসেবে শপথ ও দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল তার প্রথম সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় আগমন। এ উপলক্ষে সকাল থেকেই ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ওই এলাকায় মন্ত্রীর গাড়িবহর পৌঁছালে উপস্থিত সবাই করতালি ও ফুলের মাধ্যমে তাকে স্বাগত জানান।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম মন্ত্রীর হাতে ফুল তুলে দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। এ ছাড়া গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
একই সাথে গৌরনদী প্রেস ক্লাবের সদস্যরা, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। অনেকেই মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সাথে কুশল বিনিময় করেন।