বরগুনা-কুয়াকাটা মহাসড়ক ৪ লেনে উন্নীতর দাবিতে গণ-অনশন

Printed Edition

বরগুনা প্রতিনিধি

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এখন এই অঞ্চলের মানুষের আতঙ্কের নাম। রাস্তায় যানবাহনের কয়েক গুণ বাড়তি চাপের কারণে এই মহাসড়কটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। এই পরিস্থিতিতে মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীতর দাবিতে বরগুনার আমতলীতে গণঅনশন কর্মসূচি পালন করেছে নাগরিক সমাজ।

গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আমতলী এ কে স্কুল সংলগ্ন বরিশাল-বরগুনা-কুয়াকাটা মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদ্বয়, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী, আমতলী কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি মাত্র দুই লেনের। কুয়াকাটার সাথে সারা দেশের যোগাযোগ সহজ হওয়ায় দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়েছে। কিন্তু রাস্তার প্রশস্ততা না বাড়ায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে ও ঝরছে অসংখ্য মানুষের প্রাণহানি।

মোমেন আকন নামের আরেক বক্তা বলেন, দক্ষিণাঞ্চলবাসীর যাতায়াত নিরাপদ করতে সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ের মধ্যে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের ডাক ও কর্মসূচি দেয়া হবে। গণ-অনশন কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপি প্রদানের ঘোষণাও দেন আন্দোলনরত বিভিন্ন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।