রাজনীতি করতে হলে মন বড় হতে হবে : শামা ওবায়েদ
Printed Edition
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘ছোট মন আর ছোট কলিজা নিয়ে নগরকান্দায় রাজনীতি করা যায় না। এখানে রাজনীতি করতে হলে মন বড় হতে হবে।’ গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৯টায় সালথা উপজেলার চান্দাখোলা গ্রামে সোনাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় তিনি আরো বলেন, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কারণে সালথা উপজেলা হিসেবে স্বীকৃতি পায় এবং এর মধ্য দিয়েই উন্নয়নের পথচলা শুরু হয়।
শামা ওবায়েদ বলেন, ‘আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সব মানুষকে সমান চোখে দেখতেন। দল-মত নির্বিশেষে মানুষের উপকার করতেন। সেই বড় মন নিয়েই আমাদের রাজনীতি করতে হবে।’ তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ অনুষ্ঠানে শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক থেকে সদ্য পদত্যাগকারী আমিন খন্দকার বিএনপিতে যোগদান করেন।