চারঘাটে নিম্নমানের পণ্য তৈরি করায় ৬০ হাজার টাকা জরিমানা

Printed Edition
bangla-7
রাজশাহীর চারঘাটে চুন রঙ ও ডালডা দিয়ে তৈরি গুড় জব্দ করে ভ্রাম্যমাণ আদালত : নয়া দিগন্ত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গতকাল জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন এবং বিক্রি-বিতরণ করায় রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার জরিমানা করা হয়। এ সময় উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রঙ ও কেমিক্যাল জব্দ করা হয়।

এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রঙ মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করায় পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দুই মণ ভেজাল গুড় জব্দের পর ধ্বংস করা হয়। চার ঘাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাতুল করিম মিজানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। বিজ্ঞপ্তি।