ফজলুল করিম পাটোয়ারী
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) আমাদের চাকরি নেবে কি না, তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো : এআই কি আমাদের চিন্তা করার অভ্যাসটাই ধীরে ধীরে কেড়ে নিচ্ছে? আজ আমরা ইমেইল লেখা থেকে শুরু করে রিপোর্ট তৈরি, এমনকি নতুন আইডিয়া খুঁজতেও এআই-এর সাহায্য নিচ্ছি। এতে কাজ দ্রুত হচ্ছে। কিন্তু আমরা কি একই সাথে নিজের চিন্তার ওপর নির্ভর করা কমিয়ে দিচ্ছি?
আমার মনে হয়, আমরা অনেকেই এখন ‘বুদ্ধিবৃত্তিক পর্যটক’ হয়ে যাচ্ছি। অর্থাৎ, আমরা কোনো বিষয় গভীরভাবে বোঝার চেষ্টা করি না, এআই-এর জ্ঞানের মহাসাগরে হেঁটে বেড়াচ্ছি। এআই যে উত্তর দেয়, সেটি পড়ে সামনে এগিয়ে যাই। বিষয়টি নিয়ে নিজের মতো করে ভাবার সময়ও অনেক সময় নেই না। এতে একটি বড় সমস্যা হচ্ছে। আমরা ধীরে ধীরে নিজের চিন্তাশক্তি অন্যের হাতে তুলে দিচ্ছি। আগে একটি সমস্যার সমাধান বের করতে আমরা নিজেরা ভাবতাম। এখন অনেক সময় প্রথমেই এআই-এর কাছে যাই। তারপর তার উত্তরের সাথে একমত হওয়াই যেন আমাদের কাজ হয়ে দাঁড়ায়। নিজের মত তৈরি করার চর্চা কমে যাচ্ছে।
গবেষণায়ও দেখা যাচ্ছে, অতিরিক্ত এআই ব্যবহার মানুষের নতুন ও ভিন্ন ধরনের আইডিয়া তৈরির ক্ষমতাকে কিছুটা কমিয়ে দিতে পারে। সবাই যখন একই ধরনের অ্যাপস ব্যবহার করে, তখন অনেক সময় সবার চিন্তাও একই রকম হতে শুরু করে। নতুনত্ব কমে যায়। আরেকটি বিষয় হলো স্মৃতি ও বিচারবুদ্ধি। কোনো তথ্য সহজেই এআই থেকে পাওয়া গেলে আমরা সেটি মনে রাখার প্রয়োজন অনুভব করি না। আবার কোনো তথ্য সঠিক কি না, সেটি যাচাই করার আগ্রহও কমে যাচ্ছে। ফলে সমালোচনামূলক চিন্তা করার অভ্যাস ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে।
আমাদের একটি বিষয় মনে রাখা দরকার। মানুষের মস্তিষ্ক অনেকটা শরীরের পেশির মতো। যত বেশি ব্যবহার করা হবে, তত বেশি শক্তিশালী হবে। আর ব্যবহার না করলে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। তাই এআই-কে আমাদের চিন্তার বিকল্প হিসেবে নয়, চিন্তার সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত। এআই এমন একটি টুল হওয়া উচিত, যা আমাদের আরো ভালো প্রশ্ন করতে সাহায্য করবে, নতুন দৃষ্টিভঙ্গি দেখাবে এবং নিজের চিন্তাকে আরো সমৃদ্ধ করবে। শুধু প্রস্তুত উত্তর দেয়াই এর কাজ হওয়া উচিত নয়।
শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি কি এমন একটি প্রযুক্তি চান, যা আপনার হয়ে সব চিন্তা করে দেবে? নাকি এমন একটি প্রযুক্তি চান, যা আপনাকে আরো ভালোভাবে চিন্তা করতে শেখাবে? প্রযুক্তি অবশ্যই আমাদের এগিয়ে নিবে। কিন্তু সেই যাত্রায় যেন আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি : নিজের চিন্তা করার ক্ষমতা, সৃজনশীলতা এবং যুক্তিবোধ হারিয়ে না ফেলি। সমস্যার প্রথমেই যেন আমরা নিজেরাই আমাদের মত ভেবে, ক্রিটিক্যালি চিন্তা করে সমাধান করার চেষ্টা করি, তারপর যেন প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি।
লেখক : অধ্যাপক, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়