বগুড়া-৬ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রচার জমজমাট
Printed Edition
বগুড়া অফিস
বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের নির্বাচনী প্রচার বেশ জমজমাট হয়ে উঠেছে।
বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গত বৃহস্পতিবার প্রচারণার প্রথম দিনে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের নির্বাচনী এজেন্ট মো: রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা। এ ছাড়া, সদরের রাজাপুর ইউনিয়নে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম পৃথকভাবে গণসংযোগ করেন।
অন্য দিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণা শুরু করেন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত জুলাইযোদ্ধা শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি শহীদ রাতুলের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমানসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।