এতিমদের সম্মানে ইফতার মাহফিলে ডা: শফিক

কেউ জুলুমের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলব

Printed Edition
first-2
রাজধানীতে এতিমদের সাথে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এ দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরো বলেন, সরকারি ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি- সেই চেষ্টা অব্যাহত থাকবে।

গতকাল জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় আসনের উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ডা: শফিকুর রহমান বলেন, এতিমদের থেকে আমরা মণিমুক্তা বের করে আনতে চাই। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সে কাজটাই করবে।

সম্প্রতি এখন টিভির চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা: শফিকুর রহমান বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা সরকারের কাছে আশা রাখবো সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে। নইলে আমরা মনে করবো সরকার একনায়কতন্ত্রের দিকে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় ও কুরআনপ্রিয়। তারা কুরআনের চেতনায় বিশ্বাস করে।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা: ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় মাহফিলে আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আখতারুজ্জামান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ইপসুর মহাসচিব ড. মোস্তফা পারভেজ ফয়সাল, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিম, মহানগরী যুব বিভাগের সভাপতি ডা: মাঈনুদ্দীন, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম প্রমুখ।

ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালনের আহ্বান : পবিত্র মাহে রমজানের আবহে মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। ডা: শফিকুর রহমান বলেন, ১৯৫২ সালের এ দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে ছাত্র-যুবসমাজ যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল, তা আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তৎকালীন শাসকগোষ্ঠীর গুলিতে যারা শাহাদত বরণ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা: শফিকুর রহমান বলেন, দেশবাসী এমন এক সময়ে ভাষা দিবস পালন করতে যাচ্ছে, যখন বিএনপির নেতৃত্বে দেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সবশেষে, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি পালনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান ডা: শফিকুর রহমান।