গাজা পরিস্থিতির অগ্রগতিতে বাধা ইসরাইল : বোর্ড অব পিস

Printed Edition

টাইমস অব ইসরাইল

হামাসের নিরস্ত্রীকরণ প্রস্তাব ইসরাইল নাকচ করে দেয়ায় গাজার শান্তি প্রক্রিয়া থমকে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত ‘বোর্ড অব পিস’-এর গাজা বিষয়ক দূত নিকোলাই মøাদেনভ। গাজার পুনর্গঠন ও রাজনৈতিক পরিবর্তন সংক্রান্ত উদ্যোগ অচলাবস্থায় পড়ার মধ্যে এক দিকে হামাসকে প্রতিশ্রুতি পালনের চাপ দেয়া হচ্ছে, অন্য দিকে অব্যাহত হামলা ও ত্রাণে বিধিনিষেধ নিয়ে ইসরাইলের প্রতি আন্তর্জাতিক ক্ষোভ বাড়ছে।

জানা যায়, গতকাল বুধবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজা পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়ার হালনাগাদ তথ্য উপস্থাপন করতে গিয়ে মøাদেনভ জানান, হামাস নিরস্ত্রীকরণ পরিকল্পনা মানলেও ইসরাইলি অস্বীকৃতির কারণে প্রক্রিয়াটি এগোয়নি। বিশেষ করে ধ্বংসস্তূপের মধ্যে বসবাসকারী ফিলিস্তিনিদের জন্য উন্নত আবাসন সামগ্রী প্রবেশে ইসরাইলের বাধার তীব্র সমালোচনা করেন মøাদেনভ। পাশাপাশি তিনি ইসরাইলের চলমান সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নীতি হামাসকে অস্ত্র ছাড়তে বাধ্য করতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও পারবে না। তবে হামাসকেও জবাবদিহিতার আওতায় আনেন তিনি। দুই পক্ষের সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের শর্ত থাকলেও হামাস তাদের প্রতিশ্রুতি শতভাগ পূরণ করেনি বলে তিনি দাবি করেন।

চলতি মাসের শুরুতে মধ্যস্থতাকারী এক আরব দেশের কূটনীতিক জানান, বোর্ড অব পিস গাজার রাস্তায় অস্ত্রধারী ও ইউনিফর্ম পরা সদস্যদের উপস্থিতি বন্ধে হামাসকে চাপ দিচ্ছে।