মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

Printed Edition

আলজাজিরা

পার্থক্য ভুলে বিশ্বের মুসলিম দেশগুলোকে একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার তেহরানে আয়োজিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ঐক্য সম্মেলনে সম্প্রচারিত এক বিশেষ ভাষণে তিনি এই বার্তা দেন।

টেলিভিশনে দেয়া সেই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসী ভূমিকার তীব্র সমালোচনা করেন পেজেশকিয়ান। ইরানের সরকারি গণমাধ্যমে উঠে আসা ওই বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, শক্তিহীন কোনো অবস্থানে ইরান নেই এবং আক্রমণ প্রতিহত করার কৌশল তাদের ভালোভাবেই জানা আছে। অন্য দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও খাতামুল আম্বিয়া সা: যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, নতুন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও প্রতিস্থাপনের প্রক্রিয়া পুরোদমে এগিয়ে চলছে। শত্রুভাবাপন্ন শক্তিগুলোর বিমান হামলা প্রতিহত করতে নিজেদের পূর্ব অভিজ্ঞতা ও প্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগের যুদ্ধগুলো থেকে প্রাপ্ত সামরিক অভিজ্ঞতা পরবর্তী সঙ্ঘাতগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপিয়ে দেয়া সাম্প্রতিক যুদ্ধে ইরান শত্রুপক্ষের একাধিক গুরুত্বপূর্ণ ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। জেনারেল এলহামি আরো উল্লেখ করেন, বর্তমান সময়ে ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ওপর ভিত্তি করে অগ্রসর হচ্ছে। যুদ্ধক্ষেত্রে সফলতা পাওয়া অস্ত্র ব্যবস্থার তৈরি বাড়ানোর পাশাপাশি নতুন নতুন প্রতিরক্ষা প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।