ভারত নয় আফগান সিরিজ চূড়ান্ত
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সেপ্টেম্বরের ভারত সিরিজ নিয়ে এখনো ঘোর অনিশ্চয়তা। সিরিজটি না হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরেই সাদা ও লাল বলের মাঠের লড়াইয়ে নামছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এই সফরে থাকছে একটি টেস্ট ও তিনটি সীমিত ওভারের ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‘অক্টোবরে আফগানিস্তানের বিরুদ্ধে আমাদের একটি টেস্ট ও তিনটি সাদা বলের ম্যাচের সিরিজ রয়েছে। যেহেতু তারা এই সিরিজের আয়োজক, তাই সীমিত ওভারের ম্যাচগুলোর সূচি তারাই চূড়ান্ত করবে।’
আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের কঠিন পরীক্ষার আগে টাইগারদের জন্য শক্তির বড় রসদ হতে যাচ্ছে। আফগানদের বিপক্ষে একটি টেস্ট খেলার পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে দু’টি টেস্ট এবং পূর্ণাঙ্গ সাদা বলের সিরিজ খেলবে শান্ত বাহিনী। টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে টিকতে এসব ম্যাচ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে রয়েছে বাংলাদেশ। এই চক্রে নিজেদের সবশেষ সিরিজে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংলিশদের আতিথেয়তা দেবে বাংলাদেশ। ৯ বছর পর যা হতে যাচ্ছে ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ টেস্ট সফর। এ দিকে আগস্টের শেষে আসার কথা থাকলেও ভারত সিরিজের ভাগ্য ঝুলেই রইল। বিসিবি প্রধান তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন, দুই বোর্ডের আলোচনার ভিত্তিতে নতুন সূচিতে অনুষ্ঠিত হতে পারে বহুল আলোচিত এই সিরিজ।