৯/১১ হামলার ২৭ বছর পর বিচার শুরুর দিন ধার্য

Printed Edition

সিএনএন

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ ৯/১১-এর ঘটনার ২৭ বছর পর আগামী ২০২৮ সালের ৫ জুন বিচারকাজ শুরুর নতুন দিন ধার্য করা হয়েছে। মার্কিন সামরিক আদালতের বিচারক বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ শ্রামা হামলায় অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীর বিচারিক প্রক্রিয়া শুরুর জন্য এই দিন পুনর্নির্ধারণ করেন।

এর আগে প্রসিকিউটরদের পক্ষ থেকে ২০২৭ সালের জানুয়ারিতে বিচার চালুর আবেদন করা হলেও বিচারপূর্ব বিভিন্ন আইনি দ্বন্দ্বে সুরাহা টানতে সময়সীমা আরো ১৮ মাস বাড়িয়ে দেয়া হয়। মূলত আদালতে কোনো কোনো তথ্য ও প্রমাণ গ্রহণযোগ্য হবে, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। আগামী ২০২৮ সালের জুনে নির্ধারিত এই বিচারও বেশ কিছু আইনি ধাপ ও শর্ত পূরণের ওপর নির্ভর করছে, ফলে আবারো তারিখ পিছিয়ে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। ২০২১ সালেও বিচার শুরুর একটি সময়সীমা ঠিক করা হলেও পরবর্তীতে তা বাতিল হয়ে গিয়েছিল। অভিযুক্ত মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ ছাড়াও ওয়ালিদ বিন আত্তাশ, আলী আব্দুল আজিজ আলী ও মুস্তফা আল হাউসাভি কিউবার গুয়ান্তানামো বে ঘাঁটিতে আটক রয়েছেন। ২০২৪ সালে আসামিদের আমৃত্যু কারাদণ্ডের শর্তে অপরাধ স্বীকারের একটি সমঝোতা চুক্তি করা হলেও রাজনৈতিক চাপ ও নিহতের স্বজনদের তীব্র বিরোধিতায় বাইডেন প্রশাসন তা বাতিল করে মামলার স্বাভাবিক বিচারপ্রক্রিয়ায় ফিরে আসে।