খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছাবিনিময়

সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আরো নিবিড় ও অটুট করতে চাই : ধর্মমন্ত্রী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমি জনগণের সেবক। জনগণের সেবক হিসেবেই কাজ করব। প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ।

গতকাল সচিবালয়ে দেশের খ্রিষ্টান ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছাবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। এ সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আমরা আরো নিবিড় ও অটুট করতে চাই। আমরা সবার ধর্মচর্চার স্বাধীনতাকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্মমন্ত্রী বলেন, রাসূল সা: বলেছেন- অমুসলিমদের জানমাল ও ইজ্জত তোমাদের কাছে আমানত, আর যে আমানতের খেয়ানত করল সে তো মুসলমানই থাকল না। মহানবী সা:-এর এই হাদিসের অনুসরণ করে সবার জানমালের নিরাপত্তা বিধানে সম্ভাব্য সবধরনের উদ্যোগ নেব।

ফেডারেশন অব প্রোটেস্টান চার্চেস ইন বাংলাদেশের চেয়ারম্যান বিশপ ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে এ সময় অন্যান্য খ্রিষ্টান নেতা উপস্থিত ছিলেন।

এ ছাড়া গতকাল হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ধর্মমন্ত্রীর সাথে মতবিনিময় ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।