রমজান শুরু না হতেই চট্টগ্রামের বাজার গরম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে ‘রোজার উত্তাপ’ ছড়িয়েছে। বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগিসহ অধিকাংশ পণ্যের দাম। গতকাল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি। যা এক সপ্তাহ আগেও ছিল ১৫৫-১৬০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, মুরগির বাচ্চার দাম বাড়ায় বাজারে মুরগির দামও বেড়েছে।

গতকাল নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ টাকা এবং সোনালি ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও সোনালি মুরগি বিক্রি হয়েছে ২৯৫ টাকা দরে।

ব্যবসায়ীরা বলছেন, বাচ্চার দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। তা ছাড়া শীতে প্রচুর মুরগি মারা যাওয়ায় সরবরাহ সঙ্কট আছে। ফলে রমজান সামনে রেখে খামারিরা সেভাবে মুরগি সরবরাহ করতে পারছেন না।

এদিকে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত বছরের তুলনায় দাম কম থাকলেও গত ১৫ দিন ধরে বাড়ে সব ধরনের মুদি পণ্যের দামও।

নগরীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকায়। চিনি ১০৫-১১০ টাকা, চিকন মসুর ডাল ১৬২ টাকা, মোটা মসুর ডাল ৯০-৯৫ টাকা, মুগ ডাল ১৭০ টাকা, লাল চিড়া ৮০ টাকা, সাদা চিড়া ৬০ টাকা, খেসারির ডাল ৯০ টাকা, সাদা মটর ৬০ টাকা, চানার ডাল ১০০ টাকা, দেশী পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, চীনা রসুন ১৫০-১৫৫ টাকা, আদা ১৪০ টাকা, সয়াবিন তেল ১৯৫ টাকা, ২ লিটার ৩৯০ টাকা ও ৩ লিটার ৫৮৫ টাকা।

অন্য দিকে বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৮০ টাকা, কচুরলতি ৮০ টাকা, লাউ পিস ৫০ টাকা, ঢেঁড়স কেজি ১৪০ টাকা, বরবটি ১২০ টাকা, শিম ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, করলা ১৬০ টাকা, শসা ৮০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৫০ টাকা, এবং মুলা ৪০ টাকায়। অন্য দিকে গত একদিনে মরিচের কেজি ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকা। এ ছাড়া গাজর ৫০ টাকা, খিরা ১০০ টাকা এবং লেবু প্রতি পিস ২৫ টাকা।