নৈতিক গুণাবলি সম্পন্ন মানুষের অভাবে দেশ দুর্নীতির আখড়ায় পরিণত : মিয়া গোলাম পরওয়ার

Printed Edition
3rd-4
খুলনার ফুলতলা আল হেরা আদর্শ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

খুলনা ব্যুরো ও ফুলতলা সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই। অভাব রয়েছে নৈতিক ও চারিত্রিক গুণাবলি সম্পন্ন মানুষের। শুধু নৈতিকতা না থাকায় উচ্চপদস্থ অনেক শিক্ষিত মানুষ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মন্ত্রী, এমপি থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। সুতরাং এ দেশটাকে গড়তে হলে আমাদের সন্তানদের কুরআন ও সুন্নাহর আলোকে নৈতিক মানসম্পন্ন মানুষ রূপে গড়ে তুলতে হবে, যারা দুর্নীতিকে, অসততাকে না বলবে, সুদ, ঘুষ, ব্যভিচার থেকে নিজেদের রক্ষা করবে।

তিনি আরো বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে মানুষ কখনো প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। যে জাতি যত বেশি নৈতিক শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। আমাদের পরে স্বাধীনতা লাভকারী অনেক রাষ্ট্র শুধু নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে আজো আমরা এমন একটা শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই যার মাধ্যমে জাতি একই সাথে সৎ, যোগ্য ও দক্ষ রূপে নিজেকে গড়ে তুলতে পারে।

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গতকাল বুধবার ফুলতলার আল হেরা আদর্শ মাদরাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা ও ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা।

আরো বক্তৃতা দেন অধ্যাপক মাজহারুল ইসলামে, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, আগামী নির্বাচনে আপনারা যদি সৎ, যোগ্য, আল্লাহভীরু লোকদের নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন, তাহলে তারা বিদ্যমান শিক্ষাব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে জাতির জন্য উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি প্রয়োজনীয় যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে পারবে। আল হেরা আদর্শ মাদরাসায় শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা কুরআন ও হাদিসের আলোকে নিজেদেরকে সৎ, নৈতিক ও যোগ্য রূপে গড়ে তুলতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে বক্তৃতা করেন। থানা আমির ডা: সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আমির হামজা, আবুল কালাম আজাদ প্রমুখ। সেখানে গোলাম পরওয়ার বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে একটা সুশাসন এবং ক্ষমতার ভারসাম্যপূর্ণ, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও জনগণের অধিকার সংরক্ষিত করে এমন একটি রাষ্ট্র কাঠামো রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রস্তাবের মধ্য দিয়ে তৈরি হয়েছে যেটা জুলাই সনদ নামে গৃহীত হয়েছে এবং যেটা আগামী নির্বাচনে গণভোটের জন্য জনগণের কাছে পেশ হতে যাচ্ছে এই গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে হবে। হ্যাঁ কে জয়যুক্ত করা মানে হলো দুর্নীতিকে না বলা, ফ্যাসিবাদকে না বলা, দলীয়করণকে না বলা, ভিন্ন মতের প্রতি দমনপীড়নকে না বলা, বিচার, ভোটাধিকার, গণতান্ত্রিক ও আইনের শাসনের পক্ষে হ্যাঁ বলা।