পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

একসময় ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত পাকিস্তান এখন যেন লড়ছে নিজের ছায়ার সাথে! মাঠের ব্যর্থতা এবার আঘাত করেছে র‌্যাঙ্কিংয়েও। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর এমন এক জায়গায় গিয়ে ঠেকেছে পাকিস্তান, যেখানে এর আগে কখনোই তাদের দেখা যায়নি! তবে পাকিস্তানের জন্য সবচেয়ে অস্বস্তিকর তথ্যটি র‌্যাঙ্কিংয়ের অবস্থান নয়-বরং ইতিহাস। যে দলটি একসময় বিশ্বের সেরা টেস্ট দলগুলোর সাথে সমানে লড়েছে, সে পাকিস্তানই এখন টেস্ট র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে।

এজবাস্টনে ইংল্যান্ডের কাছে আট উইকেটে হারের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে। আর তাতেই ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কাটি খেয়েছে পাকিস্তান। এক ধাপ নিচে নেমে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে চলে গেছে তারা। পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ৭১। টেস্ট ইতিহাসে এর চেয়ে নিচে কখনো নামেনি দলটি! আইসিসি জানিয়েছে, বাড়তি সময় দেয়ার পরেও ১১ ওভার কম করেছে পাকিস্তান। তাই প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেয়া হয়েছে। পাশাপাশি ১১ পয়েন্টও কেটে নেয়া হয়েছে। পাকিস্তানের এ পতনের সবচেয়ে বড় সুবিধা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক ধাপ ওপরে উঠে আট নম্বরে জায়গা করে নিয়েছে ক্যারিবীয়রা। তাদের রেটিং পয়েন্ট ৭৪।

ইংল্যান্ড সিরিজের শুরু থেকেই পাকিস্তানের দুর্দশার চিত্রটা ছিল স্পষ্ট। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হারের পর লর্ডসে ১৯৪ রানে হার, এরপর এজবাস্টনে ৮ উইকেটের পরাজয়-তিন ম্যাচেই যেন একই গল্পের পুনরাবৃত্তি! গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে এসেও পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। দু’টি টেস্টই পাঁচ দিনে গড়ালেও শেষ হাসি হেসেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে ১০৪ রান এবং দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল শান্তর দল। সেই সাফল্যেই র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠেছিল বাংলাদেশ।

এরপর জিম্বাবুয়ের কাছে মাত্র তিন দিনে ইনিংস ও ৮৫ রানে হেরে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে ধাক্কা লাগলেও অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে আবারও নিজেদের জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। ফলে একই সময়ে পাকিস্তান যখন তলানির দিকে ছুটছে, বাংলাদেশ তখন ঘুরে দাঁড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করছে। দুই দলের সাম্প্রতিক পথচলার পার্থক্যটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ক্রিকেটের নির্মম বাস্তবতা। এক দিকে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ে উঠে আসা, অন্য দিকে পাকিস্তানের ইতিহাসের সর্বনি¤œ অবস্থান।

মাঝে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল পাকিস্তান। সেই সিরিজ দিয়েই প্রায় তিন বছর পর টেস্ট অধিনায়ক হিসেবে ফিরেছিলেন বাবর আজম। কিন্তু ইংল্যান্ডের মাটিতে ফিরে সে আশার আলোও নিভে গেছে দ্রুত!

এখন টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং পয়েন্ট ১২৬। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা ১১৯, তৃতীয় নিউজিল্যান্ড ১০৬, চতুর্থ ভারত ১০৫ এবং ১০২ পয়েন্ট নিয়ে পঞ্চম ইংল্যান্ড। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৮, আর দশ নম্বরে থাকা জিম্বাবুয়ের ১৭।