সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এবার ফিটনেসের পরীক্ষায় আরো কঠিন মানদণ্ড পেরোতে হবে ক্রিকেটারদের। এক মাইল দৌড়াতে হবে সর্বোচ্চ সাত মিনিটে। নির্ধারিত সময়ের মধ্যে এ দূরত্ব শেষ করতে না পারলে এবারের এনসিএলে খেলার জন্য ওই ক্রিকেটারকে বিবেচনা করা হবে না।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর জাতীয় ফুটবল স্টেডিয়ামের অ্যাথলেট টার্ফে হবে এনসিএলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। যারা টিকবেন তারাই শুধু এনসিএলে খেলবেন, বাকিরা থাকবেন মাঠের বাইরে। ক্রিকেটারদের অ্যারোবিক সক্ষমতা ও দীর্ঘ সময় মাঠে পারফর্ম করার সামর্থ্য যাচাই করতেই এবার দৌড়ের এই সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অর্থাৎ শুধু স্কিল নয়, এনসিএলের দলে জায়গা পেতে ফিটনেসেও থাকতে হবে নির্দিষ্ট মান।
২০২৬-২৭ মৌসুমের চার দিনের এনসিএল শুরু হবে আগামী ৩ অক্টোবর। লাল বলের এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশের আটটি বিভাগ।