ময়মনসিংহের ৫ এমপিকে প্রতিমন্ত্রী করায় জেইউএমের অভিনন্দন

Printed Edition
3rd-1
বৃহত্তর ময়মনসিংহের পাঁচ প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ইকবাল হোসাইন, কায়সার কামাল, শরিফুল আলম ও সুলতান সালাহউদ্দিন

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ বিভাগের পাঁচজন সংসদ সদস্যকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জেইউএম)। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সংগঠনের সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অভিনন্দন জানান।

এ ছাড়া নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, কিশোরগঞ্জ-২ (ভৈরব ও কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো: শরীফুল আলমকে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এ নিয়োগের জন্য ধন্যবাদও জানান সংগঠনের নেতৃবৃন্দ। যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর স্বাক্ষরিত বিবৃতিতে ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের সব সংসদ সদস্যকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে সভাপতি এম আউয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, নতুন সরকারের মন্ত্রিসভায় বৃহত্তর ময়মনসিংহের পাঁচজন সংসদ সদস্যের গুরুত্বপূর্ণ দফতরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া বিভাগের জন্য গৌরবের বিষয়। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীরা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবেন এবং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।