মার্টিনেজের বাংলাদেশপ্রীতি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের সময় প্রজেক্টরে খেলা দেখা, প্রিয় আর্জেন্টিনা দলের সমর্থনে ভুভুজেলা বাজিয়ে, নেচে-গেয়ে উদযাপনের খবর চলে যায় আর্জেন্টাইন সংবাদমাধ্যমে। এমিলিয়ানো মার্টিনেসেরও সেই গল্পটা ভালোই জানা। এবারের বিশ্বকাপে তিনি শুনিয়েছেন তার বাংলাদেশ প্রীতির গল্প, যা এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল।
আর্জেন্টিনা-জর্দানের ম্যাচে ৩-১ গোলে জয়ের পর মিক্সড জোনে যখন মার্টিনেস কথা বলছিলেন, তখন সেখানে ছিলেন কয়েকজন বাংলাদেশী সাংবাদিকও। বাংলাদেশ নামটা শুনেই আর্জেন্টাইন গোলরক্ষক ঘুরে দাঁড়ালেন ও শোনালেন তার বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা। মার্টিনেসের বাংলাদেশ প্রীতির গল্প প্রায় পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। ডায়রিও ওলেসহ আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেছে। এমনকি ফিফাও এটা পোস্ট করেছে। ডায়রিও ওলে ক্যাপশন দিয়েছে, ‘দিবু মার্তিনেসের প্রিয় গন্তব্য বাংলাদেশ।’
ডালাসে জর্দানের বিপক্ষে জয়ের পর মার্টিনেস হেঁটে যাওয়ার সময় একজন প্রতিবেদক যখন ‘বাংলাদেশ’ থেকে এসেছেন বলে উল্লেখ করেন, তখন ফিরে তাকান আর্জেন্টাইন গোলরক্ষক। বাংলাদেশের ভক্তদের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে মার্টিনেস বলেন, ‘ও বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’ এরপর প্রতিবেদক তাকে এ দেশের ভক্তদের নিয়ে কিছু বলতে বললে মার্টিনেস বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’
বাংলাদেশের ভক্তরা আবার আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়, প্রতিবেদকের এই কথার জবাবে মার্টিনেস বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমাদের জন্য তারা কতটা ক্রেজি (পাগল)। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থনটা খুব পছন্দ করি। তারা যে আন্তরিকতায় নিজেদের আর্জেন্টিনারই একজন মনে করে- সেটিই আমার সবচেয়ে ভালো লাগে। বাংলাদেশের প্রতি অনেক ভালোবাসা।’
২০২৩ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন মার্টিনেস। ঠিক তার কয়েক মাস আগেই ২০২২ কাতার বিশ্বকাপ জিতে গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়েছিলেন। এবারো আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিন ম্যাচ মিলিয়ে দিয়েছে ৮ গোল। বিপরীতে হজম করেছে এক গোল।