পাকুন্দিয়ায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, অন্যান্য স্থানে আরো ৪
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী এক দম্পতি নিহত ও তাদের মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এ ছাড়া ঝালকাঠির নলছিটি, পাবনার ভাঙ্গুড়া, গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের দেওয়ান গঞ্জে পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ আরো চারজন নিহত হয়েছেন।
পাকুন্দিয়ায় নিহত ২
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গতকাল বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বড় আজলদী এলাকার এগারসিন্দুর কোল্ড স্টোরেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
নিহতরা হলেন, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামের মোহাম্মদের ছেলে নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ারা (৫৮)। এ ঘটনায় তাদের মেয়ে মার্জিয়া আক্তার গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত অন্য দু’জন হলেন, একই ইউনিয়নের তালতলা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মাহিম (১৭) এবং এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা গ্রামের নাজিম উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৩০)।
রাজাপুরে বৃদ্ধা মৃত্যু
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরের বাশতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতে বাশতলা এলাকায় তাকে একটি প্রাইভেটকার চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
ভাঙ্গুড়ায় কৃষকের মৃত্যু
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা : পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির অটোবোরাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠোবাড়িয়া গ্রামের মৃত রয়াজ সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রফিকুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অটোবোরাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলছড়িতে ট্রাকের হেলপার নিহত
ফুলছড়ি (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে গেলে হেলপার মোজাহিদ (২৫) নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পুকুরের পানিতে উল্টে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক মিস্টার ও হেলপার মোজাহিদকে উদ্ধার করেন। এর মধ্যে মোজাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়।
দেওয়ানগঞ্জে আহত যুবকের মৃত্যু
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুরের দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘনায় গুরুতর আহত যুবক সোলাইমান হোসেন (৩৩) গতকাল ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের চর কালিকাপু গ্রামের বাসিন্দা ও উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্ত্রী ও দুইজন নাবালেগ সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট রাতে চরকালিকাপুর নিজ গ্রামে দেওয়াগনগঞ্জ-বকশীগঞ্জ ব্যস্ততম সড়কের পাশে বসে ছিলেন সোলাইমান হোসেন। এ সময় হেডলাইটে কম আলোসম্পন্ন একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে তিনি মারা যান।
কুষ্টিয়া ও সাভারে স্বজনের আহাজারি
কুষ্টিয়া প্রতিনিধি জানান, গতকাল দুপুরে সাংবাদিক দেবাশীষের মৃত্যুর সংবাদে তার শহরের আড়–য়াপাড়া বাহাদুর আলী বিশ্বাস সড়কের বাড়িতে সহকর্মী সাংবাদিক, আত্মীয়-স্বজন ও সুহৃদের ভিড় জমে যায়। সহকর্মী সাংবাদিকদের একে-অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায়। দেবাশীষের মা-বাবা এবং স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাংলাদেশে রেখে যাওয়া দেবাশীষের একমাত্র মেয়ে পাখি (৭) বিছানায় অবুঝ মনে এ দিক-ওদিক তাকাচ্ছে। ভারত থেকে আজ (বুধবার) তার একমাত্র ছোট ভাই ও বাবা-মাসহ নানু ভাই দেশে আসবে সেই সাথে তার জন্য হরেক রকমের খেলনা, জামা কাপড় ও চকোলেট আনার অপেক্ষায় ছিল সে।
বিকেলে দেবাশীষের শ্বশুরের থানাপাড়ার বান্দা হাদী সড়কের বাসায় গিয়ে দেখা যায় সেখানে তার শাশুড়ি এবং আত্মীয়-স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহত আকরাম হোসেনের স্ত্রী বারবার আহাজারি করছিলেন স্বামী, মেয়ে ও নাতির জন্য।
সাংবাদিক দেবাশীষ দত্তের পরিবারের এই মৃত্যুতে সহকর্মীসহ বিভিন্ন মহল থেকে শোক জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার লাশ কুষ্টিয়ায় পৌঁছলে নিজ নিজ ধর্মমতে তাদের শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, ভারতে অগ্নিকাণ্ডে নিহত সাভারের আমিনবাজারের আহমেদ বাবুর বাড়িতে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। তিনি আমিনবাজারের বেগুনবাড়ীর আদম আলী ও সাবেরা বেগমের ছেলে। শিকদার পাড়ায় নিজেদের চারতলা বাড়িতে পরিবারসহ বসবাস করতেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আহমেদ বাবু। আহম্মেদ বাবুর আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমিনবাজারে এম এ হোসেন টাওয়ারে কিউট কসমেটিক্স নামে দোকানের স্বত্বাধিকারী তিনি। নিহত আহম্মেদ বাবুর স্ত্রী, আট বছরের একটি মেয়ে ও পাঁচ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ভারতে যাওয়ার সময় বৃদ্ধা মা সাবেরা বেগম ও স্ত্রী বুবলী আকতারকে কলকাতায় যাওয়ার সময় বলে গিয়েছিল ব্যবসায়িক কাজ শেষে করে দেশে ফিরবেন; কিন্তু এ যে সন্তানের শেষ যাত্রা ছিল তা কেউই জানতেন না। মঙ্গলবার রাত ১২টার দিকে সর্ব শেষ আহম্মেদ বাবুর সাথে কথা হয় পরিবারের সদস্যদের। এ সময় তিনি তার বড় ভাই মোহাম্মদ আলী, মনির হোসেন এবং স্ত্রী সন্তান ও মায়ের সাথে কথা বলেন। সবাই কেমন আছেন, শিশুদের জন্য , মায়ের জন্য কী কী কিনেছেন তা জানিয়েছিলেন।