বাংলাদেশকে হুমকি ক্যারির

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। সিরিজ হার ঠেকাতে বেশ আত্মবিশ্বাসী অসিরা। ঘুরে দাঁড়িয়ে ম্যাকয় টেস্টে বাংলাদেশকে হারানোর বার্তা দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের পরিকল্পনামাফিক যায়নি। এসব নিয়ে কথা হয়েছে। সবাই ঘুরে দাঁড়াতে মরিয়া, এগিয়ে যেতে মরিয়া। এরকম চ্যালেঞ্জে পড়লে আমরা ভালোভাবেই ঘুরে দাঁড়াই, এবারও সেটাই করতে চাচ্ছি।’

ম্যাকয় টেস্ট হবে এই সংস্করণে ক্যারির ৫০তম ম্যাচ। তার আগে বেশ উচ্ছ্বসিত এই ক্রিকেটার, ‘টেস্ট ক্যারিয়ারের শুরুতে তো আপনি এক্সাইটেড থাকবেনই। ম্যাচ ধরে ধরে এগোবেন আপনি। আমি চেয়েছি আমার ভূমিকাটা পালন করে যেতে। ৫০ টেস্ট খেলতে পারা দারুণ ব্যাপার, তবে আমি আরও খেলতে চাই। সামনে আমার জন্য আরও একটি সুযোগ। শুরুতে ভেবেছিলাম খেলাটা সম্পর্কে আরো শিখতে পারবে এবং উন্নতি করতে পারব। এই ৫০ টেস্টে সাফল্য ছিল এবং সামনেও সাফল্য আসবে।’

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের দলে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। খারাপ ফর্মের কারণে বাদ পড়েছেন জেক ওয়েদারাল্ড। প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরলেন ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ। রেনশের প্রতি বেশ আত্মবিশ্বাসী ক্যারি, ‘সে আন্তর্জাতিক ক্রিকেটে আগেও খেলেছে, যদিও অনেক আগে। তার উন্নতিতে মানসিকভাবে সে ভালো জায়গায় আছে। সাদা বলে গত কয়েক বছরে যত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, সেগুলো সে ভালোভাবেই সামলেছে।