সুথারের ১০ উইকেটে জয় ভারতের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পরাজয়টা শুধুই সময়ের ব্যাপার ছিল শ্রীলঙ্কার। ৩৭২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে গত পরশু চতুর্থ দিনেই ৪৭ রানে চার উইকেট হারিয়েছিল স্বাগতিক দল। পঞ্চম দিনে প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা ও অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার লড়াইয়ের পরও ২০৬ রানে অলআউট হয় তারা। ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১৬৫ রানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে লঙ্কান ৬ ব্যাটারকে সাজঘরে পাঠিয়ে ভারতের ৬০০তম টেস্ট জিততে বড় ভূমিকা রাখেন মানব সুথার।

গত আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ হওয়া টেস্টের প্রথম ইনিংসে ৪৬২ রান করেছিল ভারত। জবাবে ফলোঅনে পড়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ২৮৪ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৭৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলারদের তোপে ১৯৩ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে চতুর্থ ইনিংসে জয়ের জন্য লঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭২ রান। শেষ পর্যন্ত ৭৭.৪ ওভারেই থেমে যায় শ্রীলঙ্কা।

শেষ তথা পঞ্চম দিন ৪ উইকেটে ৮৪ রান নিয়ে শুরু করে শ্রীলঙ্কা। জয়ের জন্য প্রয়োজন ছিল তখনো ২৮৮ রান। আগের দিনের অপরাজিত ব্যাটার ডি সিলভা ও দিনুশা। নির্বিঘেœ প্রথম ঘণ্টা পার করে দেন দু’জনে। ভারতের মাথাব্যথা হয়ে ওঠা ৯৫ রানের জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। সুইপ করে সুথারের তালুবন্দী হয়ে ৫৯ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক সিলভা। এরপর ডিকওয়েলাও ১০ রানের বেশি করতে পারেননি। সেখান থেকে অভিষিক্ত কেশারা নুয়ান্থাকে নিয়ে লড়াই চালিয়ে যান দিনুশা। তবে সেখানেও বাধা হয়ে দাঁড়ান সুথার। লেগ সিøপে ধরা পড়ে থামেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনুশা (৮৪)। ওই ওভারেই আউট করেন প্রবাথ জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকে। নিজের পরের ওভারে নুয়ান্থাকে বোল্ড করে ৬ উইকেট নিজের ঝুলিতে পুড়েন সুথার। শেষ ৪ উইকেটে সাত রান যোগ করেই অলআউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৭ ও দ্বিতীয় ইনিংসে ৪৪ রানের সুবাদে ম্যাচসেরা হন ভারতের দেবদূত পাডিক্কাল।