ঘরোয়া ফুটবলেই মনোযোগ দিতে চাই : আল আমিন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপের মাঠে রেফারিকে ধাক্কা মেরে ১৫ ম্যাচের জন্য সাসপেন্ড। ফিফার এই নিষেধাজ্ঞার পর এখন আন্তর্জাতিক ম্যাচে আপাতত খেলা হচ্ছে না স্ট্রাইকার আল আমিনের। যেহেতু জাতীয় দলের হয়ে খেলতে ফিফার নিষেধাজ্ঞা। তবে ঘরোয়া ফুটবলে খেলতে কোনো বাধা নেই নিলফামারীর এই ফুটবলারের। তাই এখন পূর্ণ মনযোগ দিতে চান ঘরোয়া ফুটবলে।

জাতীয় দলের হয়ে দু’টি ম্যাচ খেলা এবং এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-১ গোলের জয়ে একটি গোল করা আল আমিন খুবই গতি সম্পন্ন। তবে এখন একটি ম্যাচে মাথা গরম করেই আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বনাশ করেছেন। ফিফার কাছে আপিল করে যদি শাস্তি কমাতে পারেন তাহলে রক্ষা। না হলে ১৫ ম্যাচে আর লাল-সবুজ জার্সি গায়ে তোলা হবে না উঠতি এবং সম্ভাবনাময় এই ফরোয়ার্ডের। গতকাল অবশ্য বাফুফে ভবনে এসেছিলেন কিভাবে আপিল করে শাস্তি কমানো যায় সেই বিষয়ে জানতে। এখনো তিনি পরিষ্কার ধারণা পাননি। এর পরও জানান, ‘আমি এখন পূর্ণ মনযোগ দিতে চাই ঘরোয়া ফুটবলে। গতবারের মতো এবারো আছি ঢাকা আবাহনীতে। আকাশি-নীল জার্সিতে নিজেকে আরো উজ্জ্বল করতে চাই।’ এরপর মালদ্বীপের চার জাতি ফুটবলে লাল কার্ড পাওয়া প্রসঙ্গে বলেন, আমার ক্যারিয়ারে এর আগে কখনই লাল কার্ড ছিল না। আসলে মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচে আমি ভুল করে ফেলেছিলাম- এমনটা করা ঠিক হয়নি।

গত বছর আবাহনীর হয়ে তিন গোল আর দুই অ্যাসিস্ট করেছিলেন আল আমিন। এর আগের সিজনে বাংলাদেশ পুলিশের জার্সিতে করেছিলেন করেছিলেন ১২ গোল।

এ দিকে মালদ্বীপের এই টুর্নামেন্টে আল আমিনের সাথী এক ফুটবলার বলেন, একজন রেফারি যদি এভাবে বাংলাদেশের বিপক্ষে বাঁশি বাজাতে থাকে তাহলে কিভাবে খেলোয়াড়দের মাথা ঠিক থাকে। রেফারিকে ধাক্কা মেরে আল আমিন অন্যায় করেছেন। কিন্তু রেফারি যে অন্যায় করল- সেটির কি হবে।