সিরিজ জয়ে চোখ শরিফুলের

Printed Edition
khela-1
সিরিজ জয়ে চোখ শরিফুলের

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে দারুণ আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। বাংলাদেশের এমন দাপুটে জয় মাঠের বাইরে থাকা শরিফুল ইসলামকেও দিয়েছে ভিন্ন রকম আনন্দ। ইনজুরিতে প্রথম টেস্টে খেলা হয়নি তার, তবে দলের সাথে থেকে উপভোগ করেছেন সতীর্থদের দুর্দান্ত পারফরম্যান্স।

প্রশংসায় থেমে না থেকে সিরিজ জিততে চান শরিফুল, ‘অবশ্যই অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে যখন ভালো কথা বলে এটা ভালো সাইন আমাদের জন্য। অবশ্যই কোনো টিম কি চায় সিরিজ না জিতুক? আমরাও চাচ্ছি সিরিজ জিততে ইনশা আল্লাহ। টিম বাংলাদেশ যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করে তখন আরো বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু জয়টা ছিনিয়ে আনতে পারি।’

চোট কাটিয়ে দলের সাথে যোগ দেয়া শরিফুল এখন পুরোপুরি ম্যাচ খেলার জন্য প্রস্তুত। ম্যাকয়ের কন্ডিশন নিয়েও সন্তুষ্ট এই পেসার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবশ্যই ডারউইনে যখন ছিলাম এখান থেকে বেশি গরম ছিল। এখানে আমাদের জন্য ভালো আবহাওয়া। দীর্ঘ জার্নি বলব না, ফ্লাইট ডিলে হওয়ার কারণে আমাদের ট্রানজিট বড় হয়ে গিয়েছে।

ডারউইনের জয় তাকে কতটা আনন্দ দিয়েছে, সেটিও অকপটে জানিয়েছেন, আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। স্কোয়াডে না থাকলেও ছবির ভিতর তো অন্তত আসছি। খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। ম্যাচ খেলতে আমি সবসময়ই প্রস্তুত, দেখা যাক যদি রিজিকে থাকে ইনশা আল্লাহ ম্যাচ খেলব। প্রথম ম্যাচ না খেললেও আনলাকি বলা যাবে না। যেটা হয় আল্লাহ ভালোর জন্যই করে। ইনজুরির পর কিছু দিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। শরীরের জন্য ভালো হয়েছে।’

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও শরিফুলের খোঁজ নিয়েছেন। ডোনাল্ডের সাথে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, ‘উনি পার্সোনালি এসএমএস দেয় সবাইকে। আমাকেও দিয়েছে বেস্ট অব লাক, ইঞ্জুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।’

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে নিজের আনন্দের কথাও জানিয়েছেন, ‘ছিলাম না, তার অর্থ আমি আনলাকি নই, যারা খেলছে তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা যাতে সেরাটা দিতে পারে এবং আমরা যেন জিততে পারি। ম্যাচ যখন জিতেছি সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি।’