তিন জাতি টুর্নামেন্ট খেলতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
পরপর দুই বছর এএফসি অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে পারেনি বাংলাদেশ। অথচ ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এএফসি আসরের চূড়ান্ত পর্বে খেলেছিল। ২০১৯ সালে তারা ২-২ গোলে ড্র করেছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে। এবার ফের বাংলাদেশ দলের সামনে পরের রাউন্ডে খেলার সুযোগ। এ জন্য ৫-১১ অক্টোবর উজবেকিস্তানের তাশখন্দে অনুষ্ঠিতব্য ‘এইচ’ গ্রুপের খেলায় হতে হবে গ্রুপ সেরা। এই লক্ষ্যে বাংলাদেশ দল উজবেকিস্তান যাওয়ার আগে তিন জাতি টুর্নামেন্ট খেলকেত চায় জর্দানের মাঠে। সেখানে অপর প্রতিপক্ষ উত্তর আফ্রিকান দেশ তিউনিশিয়া। বাফুফে সূত্রে জানা গেছে তা। অবশ্য সৌদি আরবের সাথে ম্যাচ খেলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তিন জাতি টুর্নামেন্টের চেষ্টা।
এএফসি অনূর্ধ্ব-১৭ এর গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ আক্টোবর উজবেকিস্তানের বিপক্ষে। এরপর ১১ তারিখে খেলবে ফিলিপাইনের বিপক্ষে।
প্রায় দুই মাস ধরেই অনূর্ধ্ব-১৭ দলের অনুশীলন চলছে। এই দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। অবশ্য তিনি এখন রাজশাহী স্টার্সের সাথে ব্যস্ত। তার অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পালন করছেন সাইফুল বারী টিটু।