কোবা গ্রুপের হজ প্রশিক্ষণ হজে প্রতিটি সময় খুবই গুরুত্বপূর্ণ : ফুরফুরার পীর
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ফুরফুরা দরবার শরীফের পীর শাইখ আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল কুরাইশী বলেছেন, পবিত্র হজে প্রতিটি সময় খুবই গুরুত্বপূর্ণ। হাজীদের উচিত প্রতিটি সময়কে সঠিকভাবে কাজে লাগানো। তিনি আরো বলেন, হজের সফর সাধারণ কোনো ভ্রমণ নয়, কোনো বিনোদন সফর নয়। আমরা সবাই অপরাধী এবং আসামি। আমরা ক্ষমার জন্য যাচ্ছি। আল্লাহ আমাদের ক্ষমা পাওয়ার একটি বিশেষ সুযোগ দিয়েছেন। এটাকে আমাদের কাজে লাগাতে হবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে কোবা হজ গ্রুপের হজ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কোবা হজ গ্রুপের স্বত্বাধিকারী মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে আরো আলোচনা করেন, বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত হজ অফিসার আব্দুল মালেক, আব্দুল লতিফ মাদানী, আব্দুস সামাদ প্রমুখ। বিশেষ অতিথির বক্তৃতায় বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান বলেন, হজের সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার পড়া উচিত। এজন্য তেলাওয়াত সহিহ করার চেষ্টা করা দরকার। তিনি আরো বলেন, কোবা হজ গ্রুপ প্রতি বছর হাজীদের সেবা করে থাকে। অভিজ্ঞতার কারণে উ™ভূত যেকোনো সমস্যা দ্রুত সমাধান করতে পারেন তারা। তবে যারা হজে যাচ্ছেন তাদের আগেই হজের সব নিয়ম কানুন জেনে নেয়া দরকার।