পাঁচ জেলায় ৮ জনের মৃত্যু
বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে ও গাজীপুরে শিক্ষার্থী নিহত : মহাসড়ক অবরোধ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় শিক্ষার্থী, বৃদ্ধ ও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন। রোববার ও শনিবার সন্ধ্যায় বগুড়া, গাজীপুর, বাগেরহাট, বরিশাল এবং খুলনায় এসব দুর্ঘটনা ঘটে। বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, গাজীপুরে কভার্ডভ্যানের চাপায় মাদরাসা শিক্ষার্থী, চিতলমারীতে ভ্যান দুর্ঘটনা, বরিশালে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ ও খুলনায় পিকআপের ধাক্কায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাজীপুরে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ফুট ওভারব্রিজ ও আন্ডারপাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠী ও ক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
বগুড়ায় বাবা-ছেলেসহ নিহত ৩
বগুড়া শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের উড়াল সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রোববার গো-খাদ্যবাহী একটি ট্রাক জয়পুরহাটের হিলি সীমান্তের দিকে যাওয়ার পথে চাকা ফেটে অকেজো হয়ে পড়ে। সেটি মেরামতের সময় পেছন থেকে আসা আরেকটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মেরামতের কাজে থাকা শেরপুরের রামচন্দ্রপুর গ্রামের তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার মারা যান। আহত দুজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো একজন মারা যান।
গাজীপুরে মাদরাসা শিক্ষার্থী নিহত
গাজীপুরের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণীর ছাত্র ইয়াসিন আলী (১৭) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ওই এলাকায় নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সেখানে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস নির্মাণ ও গতি নিরোধক স্থাপনের দাবি জানান তারা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
চিতলমারীতে মুয়াজ্জিনের মৃত্যু
বাগেরহাটের চিতলমারীতে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোবাইকে ধাক্কা দিলে গুরুতর আহত হন রহমান গাজী (৮৩) নামে এক প্রবীণ মুয়াজ্জিন। রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান। নিহত রহমান গাজী চর কচুড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা ও মুয়াজ্জিন ছিলেন।
বরিশালে নিহত ১, আহত ৪
বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে পটুয়াখালীমুখী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে গিয়ে একজন নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত মারাত্মক আহত হন। তাকে চিকিৎসার জন্য প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
খুলনায় ভ্যান আরোহী ও কয়রায় বৃদ্ধ নিহত
খুলনার খানজাহান আলী থানার রূপসা সেতু বাইপাস-তেলিগাতী সড়কে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় মাছবাহী ভ্যানের আরোহী বিশ্বনাথ সরকার (৬৭) নিহত এবং ড্রাইভার নূর ইসলাম আহত হন। রোববার সকাল সাড়ে ৭টার দিকে তেলিগাতী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পিকআপ জব্দ এবং চালক আনিসুল হককে আটক করেছে। অন্য দিকে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাশির হাটখোলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আহমেদ আলী সানা (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।