নিয়ন্ত্রণে আসছে না বাজার, দিশেহারা ক্রেতারা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান শুরু হতেই রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ফলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি। বাজারে কারো নিয়ন্ত্রণ আছে বলে মনে হয় না। ফলে নিয়ন্ত্রণহীন ভাবে বেড়ে চলেছে নানা পণ্যের দাম। রোজার আগে যে পণ্যগুলো সাধারণ মানুষের নাগালে ছিল, কয়েক দিনের ব্যবধানে সেগুলোর দাম দুই থেকে পাঁচ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। লেবু, বেগুন, শসা, কাঁচামরিচ, পেঁয়াজ থেকে শুরু করে খেজুর, আঙুর, আপেল, প্রায় সবকিছুর দামই এখন চড়া। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি নি¤œ ও মধ্যবিত্তের।

গতকাল সেগুনবাগিচা, শান্তিনগর, রামপুরা ও খিলগাঁও তালতলা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এমন পরিস্থিতিতে অনেক দোকানে ক্রেতাদের বিস্ময় আর ােভ প্রকাশ করতে দেখা গেছে। রমজান শুরুর আগেই লেবু, শসা ও বেগুনের দাম ‘সেঞ্চুরি’ পার। সাধারণ সময়ে ২০ থেকে ৩০ টাকা হালির লেবু এখন ১০০ থেকে ১২০ টাকা। বেগুন ৬০-৮০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা কেজি। শসা ৪০-৫০ টাকা থেকে উঠে ৮০-১০০ টাকায়। পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২০০ টাকা কেজি। চাহিদা বাড়ার অজুহাতে অতিরিক্ত মুনাফার অভিযোগও রয়েছে। ইফতারের প্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে সংসারের হিসাব মিলছে না, এমন কথাই শোনা যাচ্ছে বাজারে।