তানযীমুল উম্মাহ মাদরাসা মিরপুরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ মাদরাসা, মিরপুরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর মিরপুর-২-এর মিরপুর কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, সৃজনশীলতা, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দেয়া হয়।
অনুষ্ঠানে সারা বছরের মেধা ও বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অ্যাওয়ার্ড দেয়া হয়। পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীকে উৎসাহিত করতে তাদেরও শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়।
পুরস্কার বিতরণীর পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে কবিতা আবৃত্তি, হামদ, নাত, নজরুলসঙ্গীত, দেশের গান, জুলাইয়ের গান, কেরাত এবং আরবি, ইংরেজি ও বাংলা বক্তৃতা পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত ও সুশৃঙ্খল পরিবেশনা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। তিনি বলেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে তানযীমুল উম্মাহ মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীর শতাব্দী আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শতাব্দী। এ বাস্তবতা উপলব্ধি করে শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরবি ও ইসলামী শিক্ষার সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল (বিসিএস শিক্ষা)।
তিনি বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান অর্জনের সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলছে। এ ধরনের সমন্বিত শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে আরো কার্যকর ভূমিকা পালনে সক্ষম করবে।
বিশেষ অতিথি ছিলেন বাউনিয়াবাদ আলিম মাদরাসা, পল্লবী, ঢাকার প্রিন্সিপাল মাওলানা রুহুল আমীন। তিনি বলেন, আধুনিক শিক্ষাব্যবস্থার একটি মাইলফলক হিসেবে তানযীমুল উম্মাহ মাদরাসা গড়ে উঠছে। তিনি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মনিরুল ইসলাম মৃধা। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, সময়ের চাহিদার আলোকে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও নিবিড় তত্ত্বাবধান করতে হবে। সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ তাদের সাফল্যের পথকে আরো সুগম করবে।
এ সময় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর সাইয়েদুর রহমান উপস্থিত ছিলেন। তানযীমুল উম্মাহ মাদরাসার বিভিন্ন শাখার প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ, শাখা প্রধান হাফেজ দিদারুল আলম, মো: সাইফুল ইসলাম ও মো: শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তানযীমুল উম্মাহ মাদরাসা, মিরপুরের প্রিন্সিপাল মুহাম্মদ আলাউদ্দিন আযাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর আ ন ম রাশেদুল ইসলাম সায়েম।