বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১৫.৯১ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইকোলেট

Printed Edition

বাংলাদেশের রফতানি পণ্যের বৈচিত্র্যকরণে বেপজার চলমান উদ্যোগে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশী প্রতিষ্ঠান ইকোলেট (প্রাইভেট) লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ (বেপজা ইজেড-১)-এ এলইডি পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১৫.৯১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস এলইডি বাল্ব ও ডেকোরেটিভ লাইটসহ ল্যাম্প উৎপাদন করবে। এসব পণ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বাজারে রফতানি করা হবে। প্রকল্পটি ৩০৬ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

প্রচলিত রফতানি খাতের বাইরে উচ্চমূল্যের ও প্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে পণ্য ও রফতানি বহুমুখীকরণে বেপজার প্রচেষ্টায় এ বিনিয়োগ আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ বিষয়ে গতকাল বেপজা কমপ্লেক্স, ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও ইকোলেট (প্রা.) লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: সোলিমান চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মসিহউদ্দিন বিন মেসবাহ, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইকোলেট (প্রাইভেট) লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।