বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
Printed Edition
রাজধানীতে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। উদ্দেশ্য, দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
মঙ্গলবার দুপুরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ছয় সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভিাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল বিভাগের ভাইস চেয়ারম্যান আসিফ রাব্বানি।
পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতোমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। আমার খেলোয়াড়ি জীবনের সবসময় ওয়ালটনকে ক্রিকেটের সব ইভেন্টে পৃষ্ঠপোষকতা করতে দেখেছি। দেশের ক্রিকেটাঙ্গণের সাথে ওয়ালটন ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ইভেন্টে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। তার প্রত্যাশা- বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এর সব ফরমেটকে (লংগার ভার্সন, ওয়ান ডে, ও টি২০) বিপিএলের আদলে ফ্র্যাঞ্জাইজিদের মাধ্যমে ঢেলে সাজাতে ওয়ালটন সহযোগিতার হাত বাড়িয়ে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অবদানের ধারা অব্যাহত রাখবে। বিজ্ঞপ্তি।