পুঁজিবাজারে সূচকের উন্নতি ঘটলেও লেনদেন তলানিতে
অনুমোদিত মূলধন বাড়াবে ডাচ বাংলা ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
Printed Edition
অর্থনৈতিক প্রতিবেদক
টানা পতনের পর অবশেষে উন্নতি ঘটেছে পুঁজিবাজার সূচকের। গতকাল দেশের দুই পুঁজিবাজার সূচকের কমবেশি উন্নতি ঘটে। এর আগে সূচকের টানা পতন ঘটে দুই বাজারেই। বিশেষ করে চলতি সপ্তাহের প্রথম দুই কার্মদিবসে বড় ধরনের অবনতির শিকার হয় বাজারগুলো। মাঝখানে সরকারি ছুটির কারণে একদিন বন্ধ থাকে লেনদেন। গতকাল সপ্তাহের শেষ কর্মদিবসে এসে বাজার পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও হারানো গতি ফিরে পায়নি। এ পরিস্থিতিতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন নেমে আসে ৪৬৭ কোটি টাকায়। চলতি বছরের মার্চের পর আর এ পর্যায়ে নামেনি দেশের প্রধান পুঁজিবাজারটির লেনদেন।
পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করেন, টানা পতনের কারণে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগ নিয়ে আবারো শঙ্কায় পড়েছেন। গতকাল একপর্যায়ে সূচকের উন্নতি ৫০ পয়েন্ট ছাড়িয়ে গেলেও বাজারে খুব একটা গতি ছিল না। লেনদেনের গতি দেখে মনে হয়নি বিনিয়োগকারীরা বাজারকে আস্থায় নিতে পারছেন। আর এ কারণে লেনদেনের শেষদিকে এসে আবার বিক্রয়চাপ তৈরি হয় যার ফলে দুই বাজারই ফিরে পাওয়া সূচকের একটি বড় অংশ আবার হারিয়ে বসে। তবে তারা মনে করেন, সামনে দুই সাপ্তাহিক ছুটি থাকায় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কম থাকারই কথা। আগামী সপ্তাহের শুরুতেই স্পষ্ট হয়ে যাবে সহসা বাজার পরিস্থিতির উন্নতি হবে কি হবে না। কারণ চলতি আগস্ট মাসের শুরু থেকে বাজারগুলো ১৭টি কর্মদিবস পার করলেও এর মধ্যে গতকালসহ সূচকের উন্নতি ঘটেছে মাত্র চারটিতে। ১৩টি কর্মদিবসেই সূচক হারায় দুই বাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ১৫ দশমিক ৫৯ পয়েন্ট উন্নতি ধরে রাখে। পাঁচ হাজার ৬৪০ দশমিক ০৮ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল দিনশেষে পৌঁছে যায় পাঁচ হাজার ৬৫৫ দশমিক ৬৮ পয়েন্টে। বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ৮ দশমিক ৭৭ ও ৫ দশমিক ৬৯ পয়েন্ট। একইভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৪ দশমিক ৫৮ পয়েন্ট বৃদ্ধি পায়। এখানে দুই বিশেষায়িত সূচকের মধ্যে সিএসই-৩০ সূচকটি ৫৮ দশমিক ৯৮ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হলেও সিএওসসিএক্স সূচকটির অবনতি রেকর্ড করা হয় ১ দশমিক ২৪ পয়েন্ট।
দুই বাজারেই গতকাল সূচকের উন্নতির পেছনে বড় ভূমিকা ছিল ব্যাংকিং খাতের কয়েকটি কোম্পানির পাশাপাশি স্বল্পমূলধনের হাতেগোনা কয়েকটি কোম্পানির মূল্যবৃদ্ধি। তবে সূচকের উন্নতিতে দিন শুরু করা দুই বাজারেই এক পর্যায়ে বিক্রয়চাপ সক্রিয় হয়ে উঠলে গতিহীন হয়ে পড়ে বাজার। এ পর্যায়ে ব্যাংকিং খাতের কয়েকটি কোম্পানির মূল্যবৃদ্ধি সূচককে ফের ঊর্ধ্বমুখী করে তুলে। এ সময় অন্যান্য খাতের কিছু কিছু কোম্পানিও মূল্যবৃদ্ধি পাওয়া শুরু করলে ঢাকা শেয়ারবাজারে প্রধান সূচকটি ৫৩ পয়েন্টের বেশি উন্নতি ঘটে। বেলা পৌনে ১টার দিকে ফের বিক্রয়চাপ সৃষ্টি হলে বৃদ্ধি পাওয়া সূচকের একটি বড় অংশই হারিয়ে বসে বাজারটি।
এদিকে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই কোম্পানি ডাচ বাংলা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দুই পুঁজিবাজারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে দুই প্রতিষ্ঠান।
গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ডাচ বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে তিন হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে ব্যাংকটি। একই সাথে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারা ও অনুচ্ছেদগুলো বিশেষ প্রস্তাবের মাধ্যমে সংশোধনের সিদ্ধান্তও অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে।
এ লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক জানায় ব্যাংকের পঞ্চম বিশেষ সাধারণ সভা আগামী ১৫ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। সভাটি বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সভার ডিজিটাল প্ল্যাটফর্মের সংযোগ পরবর্তী সময়ে জানানো হবে। ইজিএমে অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬।
এর আগে গত ২৫ আগস্ট মূলধন বাড়ানোর ঘোষণা দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ব্যাংকের টায়ার-২ মূলধন শক্তিশালী করতে ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ডিএসই ওয়েবসাইটে ব্যাংক কর্তৃক দেয়া তথ্যে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৩৭তম সভায় ব্যাংকের টায়ার-২ মূলধন হিসেবে পাঁচ বিলিয়ন বাংলাদেশী টাকা সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে সাত বছরমেয়াদি ইসলামী শরিয়াহসম্মত অথবা প্রচলিত পদ্ধতির সাব-অর্ডিনেট বন্ড ইস্যু করা হবে। তবে বন্ড ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের কার্যক্রম সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
গত বেশ কয়েক দিন ধরে ঢাকা স্টকে লেনদেনের শীর্ষ স্থানটি দখলে রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজ। গতকালও এর ব্যতিক্রম ছিল না। ৪৮ কোটি ১৯ লাখ টাকায় এক কোটি ৭৮ লাখ ১৬ হাজার শেয়াার হাতবদল করে লেনদেনের শীর্ষে উঠে আসে কোম্পানিটি। ১৫ কোটি ৪৮ লাখ টাকায় ৪৭ লাখ ৩৯ হাজার শেয়ার বেচাকেনা করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল সায়হাম টেক্সটাইলস। ডিএসইর লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে লাভেলো আইসক্রিম, এমএল ডাইং, ব্র্যাক ব্যাংক, ডমিনেজ স্টিলস বিল্ডিং সিস্টেমস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইলস ও আইপিডিসি ফিন্যান্স।