আপিল বিভাগের বিচারক হলেন বিচারপতি হাবিবুল গনি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: হাবিবুল গনিকে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বৃদ্ধি পেয়ে পাঁচে উন্নীত হলো।

গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেন। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই বিচারপতি মো: হাবিবুল গনির এই নিয়োগ কার্যকর হবে। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম জানান, আগামী রোববার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন এই বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতা তালিকার তৃতীয় অবস্থানে থাকা বিচারপতি মো: হাবিবুল গনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং পরবর্তীতে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৮৯ সালে জেলা আদালত এবং ১৯৯২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তার এই পদোন্নতির ফলে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ আপিল বিভাগে বর্তমানে মোট বিচারপতির সংখ্যা দাঁড়াল পাঁচজনে। আপিল বিভাগের অপর বিচারকরা হলেন বিচারপতি মো: রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব। দেশের সর্বোচ্চ আদালতে বর্তমানে প্রচুরসংখ্যক গুরুত্বপূর্ণ সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি আপিল বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, আপিল বিভাগে এই নতুন নিয়োগ বিচারিক কার্যক্রমকে আরো গতিশীল ও দ্রুততর করবে।