দুই প্রধানমন্ত্রী একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে : ভারতের হাইকমিশনার

Printed Edition
first-5
ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের খেলার জায়গার উদ্বোধন করেন দীনেশ ত্রিবেদী : নয়া দিগন্ত

কূটনৈতিক প্রতিবেদক

ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একসাথে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অনেক সম্মান করি। আমি অনেকবার উনার বক্তৃতা শুনেছি। তিনি কথাগুলো অন্তর থেকে বলেন।

ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ব্যক্তিত্ব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনগণের ব্যক্তিত্ব। আমার মনে হয়, যখন এই দুই নেতা আলোচনা করবেন, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

গতকাল রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে রাষ্ট্রপতিকে পরিচয়পত্র পেশের দিনই তিনি এই কেন্দ্র পরিদর্শন করে ভিসা প্রক্রিয়ার জন্য অপেক্ষমাণ অভিভাবকদের সাথে আসা শিশুদের জন্য আলাদা খেলার জায়গা করার প্রতিশ্রুতি এবং বাংলাদেশীদের জন্য পর্যটন ভিসা আবারো চালু ঘোষণা দিয়েছিলেন। দীনেশ ত্রিবেদী বলেন, আমরা আলোচনা করলে সমস্যা চিহ্নিত হয়। আমার বিশ্বাস, দুই দেশের মানুষ এক আছে, সমস্যার সমাধান হবেই। এখানে নেতিবাচক কিছু নেই, সব ইতিবাচকই হবে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ আজ অনুষ্ঠিত হবে। ভারতের হাইকমিশনার হিসেবে ঢাকায় দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর এটিই হবে প্রথম সাক্ষাৎ। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক এবং চলমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের দিনই লোকসভার স্পিকার তারেক রহমানকে স্বপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি হস্তান্তর করেছিলেন। এ ছাড়া আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিসমটেকের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকা পৌঁছান প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। তিনি ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হন।