বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

‘বিভেদ নয় ঐক্য’- এই মূলনীতিকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরাম’। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলনিরপেক্ষ ও অরাজনৈতিক এই ফোরামের যাত্রা শুরু হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক সুরঞ্জন ঘোষ। লিখিত বক্তব্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ, দীর্ঘ স্বৈরাচারবিরোধী সংগ্রামে গুম ও নির্যাতনের শিকার হওয়া এম ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ সব ভুক্তভোগী এবং পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সাথে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবিচল সাহসের কথা বিশেষ মর্যাদার সাথে স্মরণ করা হয়।

সংবাদ সম্মেলনে ফোরামের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলা হয়, কোনো বিশেষ ধর্মীয় জনগোষ্ঠীকে ‘সংখ্যালঘু’ তকমা দিয়ে বিভক্ত বা কোণঠাসা করার অপচেষ্টা সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ধর্মীয় পরিচয় কখনো নাগরিক অধিকারের মানদণ্ড হতে পারে না উল্লেখ করে দেশের প্রতিটি নাগরিকের সমান মর্যাদা, নিরাপত্তা ও সুযোগ সুনিশ্চিত করার দাবি জানানো হয়।

সংগঠনটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা হিসেবে ধর্মীয় উসকানি, গুজব ও বিদ্বেষমূলক অপপ্রচার চিহ্নিতকরণ, সত্যতা যাচাইকৃত তথ্য প্রকাশ, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আইনি ও সামাজিক সহায়তা প্রদান এবং আইনশৃঙ্খলাবাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে। শেষে দেশের সব জেলা, উপজেলা ও গ্রামপর্যায়ের মসজিদ, মন্দির, গির্জা ও বিহারে অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।