লাখো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে চুনতীর সিরাত মাহফিলের সমাপ্তি

Printed Edition

লাখো মুসল্লির সম্মিলিত ‘আমিন, আমিন’ ধ্বনি, দুরূদ-সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া চুনতীতে শেষ হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সা:। গতকাল শনিবার চুনতীর শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে বক্তারা ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়, ঐক্য ও মানবিকতা প্রতিষ্ঠায় মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। যুগশ্রেষ্ঠ আলেম হজরত মাওলানা হাফেজ আহমদ শাহ্ সাহেব কেবলা চুনতী (রহ.) প্রবর্তিত এ ঐতিহাসিক মাহফিলের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফিল মোতাওয়াল্লি কমিটির সভাপতি আলহাজ মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক আহমদ এবং চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা মাহমুদুল হক। বিশেষ মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী ও আলহাজ নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন। সমাপনী দিনে ‘হজরত মু’আয (রা:)-কে প্রদত্ত রাসূল সা:-এর ১০টি অসিয়ত’ বিষয়ে দরসে হাদিস পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আলা উদ্দিন ইমামী। ‘বিদায় হজে রাসূল সা:-এর প্রদত্ত ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে আলোচনা করেন সাবেক ধর্ম উপদেষ্টা আলহাজ ড. মাওলানা আ.ফ.ম. খালিদ হোসাইন। ‘ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা’ বিষয়ে বক্তব্য দেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি.এম. মুফিজুর রহমান আজহারী। ‘শান্তির সমাজ প্রতিষ্ঠায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সা:’ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা আ.ক.ম. আবদুল কাদের। বিজ্ঞপ্তি।