বৌদ্ধ ধর্মগুরু সুমনালঙ্কার মহাথেরোর মৃত্যুতে পার্বত্য মন্ত্রীর শোক

Printed Edition

পার্বত্য বৌদ্ধ মিশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট বৌদ্ধ ধর্মগুরু পূজনীয় ভদন্ত সুমনালঙ্কার মহাথেরোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি। শনিবার এক শোকবার্তায় মন্ত্রী এই মহৎ সাধকের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান।

শোকবাণীতে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, ভদন্ত সুমনালঙ্কার মহাথেরো পার্বত্য অঞ্চলের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের শিক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে আজীবন নিবেদিত ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত পার্বত্য বৌদ্ধ মিশনের অধীনে অনাথালয়, স্কুল, পালি কলেজ ও মেডিক্যাল ইনস্টিটিউটসহ বহু প্রতিষ্ঠান গড়ে তুলে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

মন্ত্রী উল্লেখ করেন, তার প্রয়াণে ধর্মীয় ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। বুদ্ধের করুণাময় বাণীর আলোকে তিনি প্রয়াত ধর্মগুরুর পরম শান্তি ও সদগতি কামনা করেন এবং শোকসন্তপ্ত অনুগামীদের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।